ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ, বললেন ‘বিপ্লবের জন্য আদর্শ জায়গা’
Published : ১২:৪৬, ১৮ অক্টোবর ২০২৬
জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ সহিংস রূপ নেওয়ার পর দেশটিকে নিয়ে ব্যঙ্গ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সের বিপ্লবের ইতিহাস টেনে তিনি দেশটিকে ‘বিপ্লবের জন্য আদর্শ জায়গা’ বলে মন্তব্য করেন।
গত ১৬ অক্টোবর যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ডালটনে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প তাঁর প্রস্তাবিত পাঁচ হাজার ডলারের ‘ট্রাম্প ডিভিডেন্ড’ নিয়ে কথা বলছিলেন। কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারলে মার্কিন নাগরিকদের এই অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তবে অর্থটি যুক্তরাষ্ট্রের ভেতরেই খরচ করতে হবে—এ কথা বোঝাতেই ফ্রান্সে যাওয়ার কাল্পনিক উদাহরণ টেনে ব্যঙ্গ করেন ট্রাম্প।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার ফ্রান্সের বিভিন্ন শহরে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়। রাজধানী প্যারিসসহ বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া যায়। কিছু এলাকায় লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। রোববার সকালেও বিভিন্ন শহরে সহিংসতার চিহ্ন দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অক্টোবরের শুরুতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক ও শিক্ষা সরঞ্জামের সংকটের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। পরে তা আরও বিস্তৃত হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।
ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে দেশটির রাজনৈতিক পরিস্থিতিও আলোচনায় এসেছে। তবে বিক্ষোভের সঙ্গে নির্বাচনের ওপর কী ধরনের প্রভাব পড়তে পারে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।































