মালয়েশিয়ায় অফিসে মিলল ২০টির বেশি বাংলাদেশি পাসপোর্ট

মালয়েশিয়ায় অফিসে মিলল ২০টির বেশি বাংলাদেশি পাসপোর্ট ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১৩:৩৫, ২২ অক্টোবর ২০২৬

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের মেরু এলাকার একটি অফিসে অভিযান চালিয়ে ২০টিরও বেশি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। পাসপোর্টগুলো সেখানে কী কারণে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গোয়েন্দা তথ্য ও বিভিন্ন সূত্র থেকে পাওয়া সংবাদের ভিত্তিতে বুধবার (২১ অক্টোবর) বেলা ১১টা থেকে সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ ও ক্লাং রয়্যাল সিটি কাউন্সিল (এমবিডিকে) যৌথভাবে অভিযান চালায়।

প্রাথমিকভাবে এলাকার কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক ও বিদেশি কর্মীদের পরিদর্শনের উদ্দেশ্যে অভিযান শুরু হয়। তল্লাশির একপর্যায়ে একটি প্রতিষ্ঠানের পেছনে সন্দেহজনক একটি কক্ষের সন্ধান পান কর্মকর্তারা। পরে ওই কক্ষে তল্লাশি চালিয়ে একটি লকার থেকে বাংলাদেশি পাসপোর্টগুলো উদ্ধার করা হয়।

সেলাঙ্গর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ খুসাইরি কামারুদ্দিন জানান, উদ্ধার করা ২০টিরও বেশি বাংলাদেশি পাসপোর্ট যাচাই করে সেগুলো বৈধ বলে নিশ্চিত হওয়া গেছে।

তিনি সাংবাদিকদের বলেন, এভাবে পাসপোর্ট জমা রাখা অত্যন্ত সন্দেহজনক। এর পেছনের কারণ অনুসন্ধানে সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ বিস্তারিত তদন্ত করবে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিককে তলব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই মালিক বাংলাদেশি নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

অভিযানকালে প্রতিষ্ঠানটির দেখাশোনার দায়িত্বে থাকা এক মালয়েশীয় যুবককে পাওয়া যায়। তিনি দাবি করেন, ৫০ রিঙ্গিতের বিনিময়ে তাঁকে সারাদিনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল।

ওই প্রতিষ্ঠানে মোবাইল ফোন ও ঘরের আসবাবপত্র বিক্রির পাশাপাশি বাইসাইকেল মেরামতের কাজ করা হতো। যুবকটি বলেন, তাঁকে শুধু ওই দিনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। কক্ষটির ভেতরে কী রয়েছে বা এর জন্য কে দায়ী, সে বিষয়ে তিনি কিছু জানেন না। ওই দিনই সেখানে তাঁর কাজের প্রথম দিন ছিল বলে দাবি করেন তিনি।

শেয়ার করুনঃ
Advertisement