সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় নিহত ২, আহত ৮
Published : ১৮:১১, ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুইজন নিহত ও আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।
সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় নিহত দুজনের একজন সৌদি নাগরিক এবং অন্যজন ভারতীয় নাগরিক। প্রাথমিকভাবে একজন নিহত হওয়ার তথ্য জানানো হলেও পরে তা সংশোধন করে নিহতের সংখ্যা দুই বলে নিশ্চিত করা হয়।
জিএসিএর তথ্য অনুযায়ী, হামলায় আহত আটজনের মধ্যে একজন সৌদি, দুজন ভারতীয়, দুজন ইয়েমেনি, দুজন বাংলাদেশি এবং একজন নেপালি নাগরিক রয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে এবং বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরেছে। সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ক্ষয়ক্ষতি নিরূপণ, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বেসামরিক বিমান চলাচল ব্যবস্থার সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিশ্লেষকদের মতে, ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠী ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে সংঘাত বৃদ্ধির প্রেক্ষাপটে এ হামলার ঘটনা ঘটেছে। সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলার কারণে রিয়াদ তাদের প্রধান বিমানবন্দর বন্ধ রাখতে এবং একটি বড় বিনিয়োগ সম্মেলন পিছিয়ে দিতে বাধ্য হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির সরকারি পরিসংখ্যানভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি মাসে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলায় মোট ২২ জন নিহত হয়েছেন। এর আগে গত ১১ অক্টোবরও কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছিল।































