সৌদি আরবে চার হামলার দাবি হুতিদের, বাড়ল উত্তেজনা

সৌদি আরবে চার হামলার দাবি হুতিদের, বাড়ল উত্তেজনা ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১৯:১৭, ২২ অক্টোবর ২০২৬

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি দাবি করেছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে গত ৪৮ ঘণ্টায় চারটি হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে এ দাবি করেন হুতি বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারে।

বিবৃতিতে বলা হয়, আনসারুল্লাহর যোদ্ধারা সৌদি আরবের চারটি স্থাপনাকে লক্ষ্য করে এসব হামলা চালিয়েছেন। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে রিয়াদের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর, ইয়ানবুতে সৌদি আরামকোর একটি স্থাপনা এবং আভা আন্তর্জাতিক বিমানবন্দর।

হুতিদের দাবি, দাম্মামের বিমানবন্দরে হামলার কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছে। ইয়ানবুতে সৌদি আরামকোর স্থাপনায় হামলার পর আগুন ধরে যায় বলেও দাবি করেছে গোষ্ঠীটি। এ ছাড়া সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আভা আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি আঘাত হানার দাবি করেছে তারা।

বিবৃতিতে সৌদি আরবকে সতর্ক করে ইয়াহইয়া সারে বলেন, ইয়েমেনের গোত্রগুলোকে লক্ষ্য করে কোনো ধরনের হুমকি দেওয়া হলে তার পরিণতি ভয়াবহ হতে পারে। তাঁর ভাষায়, এর ফল হতে পারে ‘বিপর্যয়কর ও অপ্রত্যাশিত’।

ইয়াহইয়া সারে আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইয়েমেনে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত সৌদি আরবের অভ্যন্তরে হুতিদের অভিযান অব্যাহত থাকবে। সৌদি আরব সংঘাত বাড়ালে পাল্টা পদক্ষেপের মাধ্যমে তার জবাব দেওয়া হবে বলেও জানান তিনি।

সূত্র: ডেইলি সাবাহ।

শেয়ার করুনঃ
Advertisement