জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

বিজনেস ডেইলি ডেক্স

Published : ১৬:৫৬, ১৮ জুন ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকারপ্রধান হিসেবে তিনি জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর সবচেয়ে বেশি নির্ভর করেন। তাই নিরাপত্তা ব্যবস্থা এমন হওয়া উচিত নয়, যা সরকারপ্রধানকে সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দেয়।

বৃহস্পতিবার (১৮ জুন) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসএসএফ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা বাহিনীর প্রধান দায়িত্ব হলেও দায়িত্ব পালনের সময় সাধারণ মানুষ যাতে কোনো ধরনের দুর্ব্যবহার বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, প্রতিষ্ঠাকালীন সময়ের তুলনায় বর্তমানে নিরাপত্তা পরিস্থিতি অনেক বেশি জটিল। তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশ, ভূরাজনৈতিক পরিবর্তন এবং বহুমাত্রিক নিরাপত্তা ঝুঁকির কারণে এসএসএফকে আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তির মাধ্যমে সবসময় প্রস্তুত থাকতে হবে।

প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন, প্রায় চার দশক আগে সময়ের প্রয়োজনেই এই বিশেষ নিরাপত্তা বাহিনী গঠিত হয়েছিল এবং পরবর্তীতে ‘স্পেশাল সিকিউরিটি ফোর্স’ (এসএসএফ) নামে কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি বাহিনীর বর্তমান ও সাবেক সদস্যদের শুভেচ্ছা জানান।

এসএসএফের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, বিভিন্ন সময় রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাকাল এবং মৃত্যুর পর আয়োজিত জানাজা অনুষ্ঠানেও বাহিনীটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে।

বর্তমান সরকারের নিরাপত্তা ব্যবস্থার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোগান্তি কমাতে তাঁর গাড়িবহরের আকার সীমিত রাখা হয়েছে। ফলে সদস্যসংখ্যা বৃদ্ধির পরিবর্তে দক্ষতা, সমন্বয় এবং আধুনিক নিরাপত্তা কৌশলের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জনসভা ও রাষ্ট্রীয় কর্মসূচিতে ব্যাপক জনসমাগমের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে সরকারপ্রধানের নিরাপত্তা এবং নাগরিকদের স্বাভাবিক চলাচলের মধ্যে ভারসাম্য রক্ষা করে এসএসএফকে দায়িত্ব পালন করতে হয়।

এসএসএফের নবনির্মিত আধুনিক ফায়ারিং রেঞ্জের উদ্বোধন প্রসঙ্গে তিনি বলেন, এটি বাহিনীর পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সদস্যদের প্রশিক্ষণ আরও কার্যকর করবে।

প্রধানমন্ত্রী বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, সততা, বিশ্বস্ততা এবং ‘চেইন অব কমান্ড’ কঠোরভাবে অনুসরণের আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফকে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আশ্বাস দেন, আধুনিক বিশ্বের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে এসএসএফকে আরও দক্ষ ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সশস্ত্র বাহিনীর প্রধানগণ, এসএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
Advertisement