পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি
Published : ২১:২৫, ১৯ জুন ২০২৬
বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে আবারও পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জেলা ও অন্যান্য ইউনিটের সদস্যদের জন্য গাঢ় নীল রঙের শার্ট এবং মহানগর পুলিশের জন্য হালকা অলিভ (জলপাই) রঙের শার্ট নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সব ইউনিটের সদস্যদের জন্য খাকি রঙের ট্রাউজার বাধ্যতামূলক করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, পূর্বে চালু করা আয়রন রঙের ইউনিফর্ম বাতিল করে নতুন রঙের পোশাক কার্যকর করা হচ্ছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের সদস্যরা গাঢ় নীল রঙের শার্ট, জ্যাকেট, জার্সি, কার্ডিগান ও পুলওভার ব্যবহার করবেন। অন্যদিকে মহানগর পুলিশের সদস্যদের জন্য এসব পোশাকের রঙ হবে হালকা অলিভ।
নারী পুলিশ সদস্যদের ইউনিফর্মেও পরিবর্তন আনা হয়েছে। অধিকাংশ ইউনিটের নারী সদস্যদের জন্য গাঢ় নীল শাড়ি ও ব্লাউজ নির্ধারণ করা হয়েছে। তবে মহানগর পুলিশের নারী সদস্যরা গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা অলিভ রঙের ব্লাউজ পরবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, গ্রীষ্মকালে অর্ধহাতা এবং শীতকালে পূর্ণহাতা শার্ট ব্যবহারের বিধান বহাল থাকবে। এছাড়া গর্ভবতী নারী পুলিশ সদস্যরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে সাধারণ পোশাক পরতে পারবেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্ববর্তী ইউনিফর্ম নিয়ে মাঠপর্যায়ের সদস্যদের অসন্তোষ এবং গ্রহণযোগ্যতা সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে এই পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের অনুরোধের পর নতুন করে ইউনিফর্ম নীতিমালা পুনর্বিবেচনা করা হয়।
উল্লেখ্য, ২০২৫ সালে পুলিশের জন্য আয়রন রঙের ইউনিফর্ম চালু করা হয়েছিল। তবে তা নিয়ে পুলিশ সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, গাঢ় নীল ও অলিভ রঙের সমন্বয়ে নতুন ইউনিফর্ম চালু করা হচ্ছে, যা বিএনপি সরকারের পূর্ববর্তী মেয়াদেও ব্যবহৃত হয়েছিল।






























