বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
Published : ১২:২৫, ২০ জুন ২০২৬
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডার বাস্তবায়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও ইউএন উইমেন। পাশাপাশি লিঙ্গ সমতা প্রতিষ্ঠা এবং নারীর অধিকার সুরক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে একমত হয়েছে উভয় পক্ষ।
শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউসের সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৈঠকে সিমা বাহাউস নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন। তিনি নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন।
একই সঙ্গে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানেরও ভূয়সী প্রশংসা করেন ইউএন উইমেনের নির্বাহী পরিচালক। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশ নির্বাচিত হওয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম নারীর ক্ষমতায়নে বাংলাদেশের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে নারীদের জন্য অবৈতনিক শিক্ষা চালুর বিষয়টি স্মরণ করেন। পাশাপাশি বর্তমান সরকারের অধীনে মেয়েদের জন্য স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষা, প্রজনন স্বাস্থ্যসেবা এবং মানসিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণসহ বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন।
তিনি নারীর সামগ্রিক উন্নয়ন ও ক্ষমতায়নের ধারাবাহিকতা বজায় রাখতে ইউএন উইমেনের আরও ঘনিষ্ঠ সহযোগিতা কামনা করেন।
বৈঠকে রোহিঙ্গা নারী ও কন্যাশিশুদের জন্য মানবিক সহায়তা কার্যক্রমে অর্থায়নের ঘাটতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় মিয়ানমারে প্রত্যাবর্তন নিশ্চিত করতে বৈশ্বিক চাপ অব্যাহত রাখার আহ্বান জানান।




























