‘অসুস্থ মায়ের জন্য অ্যাম্বুলেন্সও পাইনি, তবু প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নই’ : প্রধানমন্ত্রী তারেক রহমান

‘অসুস্থ মায়ের জন্য অ্যাম্বুলেন্সও পাইনি, তবু প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নই’ : প্রধানমন্ত্রী তারেক রহমান ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেক্স

Published : ১৫:০১, ২২ জুন ২০২৬

একসময় গুরুতর অসুস্থ মায়ের জন্য হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স চেয়েও পাননি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে ক্ষমতায় থাকার পরও তিনি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন।

রোববার (২১ জুন) মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

নিজের জীবনের একটি বেদনাদায়ক ঘটনার স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে একটি হাসপাতালের কাছে অ্যাম্বুলেন্স চাওয়া হয়েছিল। কিন্তু সে সময় হাসপাতাল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স দিতে রাজি হয়নি।

তারেক রহমান বলেন, বর্তমানে জনগণের সমর্থনে বিএনপি সরকার পরিচালনা করছে এবং তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। এরপরও তিনি ব্যক্তিগত আক্রোশ থেকে কোনো ধরনের প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণ করেননি।

তিনি বলেন, “আমি চাইলে হয়তো প্রতিশোধ নিতে পারতাম। কিন্তু আমি তা করিনি।”

প্রতিশোধের রাজনীতির সমালোচনা করে প্রধানমন্ত্রী আরও বলেন, এমন মানসিকতা দেশের কোনো উপকারে আসে না। বরং তিনি রাজনৈতিক প্রতিহিংসার সংস্কৃতি থেকে দেশকে বের করে আনার পক্ষে মত দেন।

তার ভাষায়, “আমি যদি এখন প্রতিশোধ নিই, তাতে দেশের কী লাভ হবে? কারও কোনো উপকার হবে না। আমি এই প্রতিহিংসামূলক রাজনৈতিক মানসিকতাটাই দেশ থেকে চিরতরে বদলে দিতে চাই।”

শেয়ার করুনঃ
Advertisement