জুলাই স্মৃতি জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
Published : ১৭:৫০, ৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। এই জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’
বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘জুলাই স্মৃতি জাদুঘর আগামী প্রজন্মের সামনে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ উন্মোচন করবে। আমাদের সংগ্রাম, আত্মত্যাগ ও সাহসকে জাতীয় স্মৃতিতে ধারণ করার এটি একটি ঐতিহাসিক উদ্যোগ।’
তিনি বলেন, ‘আজকের এই দিনটি দেশের জন্য একটি যুগান্তকারী মাইলফলক। জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী সব শহীদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই।’
তারেক রহমান আরও বলেন, ‘ফ্যাসিবাদের আমলে গুম ও খুনকে স্বাভাবিক করে ফেলা হয়েছিল। ইতিহাস সাক্ষ্য দেয়, বিতাড়িত ফ্যাসিবাদী চক্র কখনোই দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা মেনে নিতে পারেনি।’
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে গণতন্ত্র, স্বাধীনতা ও আত্মত্যাগের চেতনা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।






























