বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
Published : ০০:০৭, ৭ আগস্ট ২০২৬
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক, কবি ও উপস্থাপক কাজী জেসিন। এক বছরের জন্য চুক্তিভিত্তিক এবং গ্রেড-১ পদমর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে ২০২৪ সালের সেপ্টেম্বরে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া তৎকালীন মহাপরিচালক মো. মাহবুবুল আলম-এর অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় প্রশাসনিক পুনর্বিন্যাসের ধারাবাহিকতায় রাষ্ট্রায়ত্ত টেলিভিশন প্রতিষ্ঠান বিটিভির নেতৃত্বেও এ পরিবর্তন আনা হলো।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, দায়িত্ব গ্রহণের আগে কাজী জেসিনকে অন্য যেকোনো পেশা, ব্যবসা অথবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে কাজী জেসিন দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় গণমাধ্যমে দায়িত্ব পালন করেছেন। তিনি দৈনিক আমার দেশ, এনটিভি, চ্যানেল ওয়ান, একুশে টেলিভিশন, বাংলাভিশন এবং যমুনা টিভি-তে সাংবাদিক ও উপস্থাপক হিসেবে কাজ করেছেন।
নতুন দায়িত্বে তিনি বাংলাদেশ টেলিভিশনের কার্যক্রমকে আরও আধুনিক, দক্ষ ও জনমুখী করে তুলতে ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

































