ধানমন্ডি ৩২-এ ‘জয় বাংলা’ স্লোগান ও সিঙাড়া বিতরণের অভিযোগে মারধর, আটক ২

ধানমন্ডি ৩২-এ ‘জয় বাংলা’ স্লোগান ও সিঙাড়া বিতরণের অভিযোগে মারধর, আটক ২ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৩৮, ১৫ আগস্ট ২০২৬

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে দেওয়া বাড়ির সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া, মোবাইলে ভিডিও ধারণ এবং সিঙাড়া বিতরণের অভিযোগে তিনজনকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের প্রবেশমুখে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে মারধরের শিকার তিন ব্যক্তির পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ (এসডিএফ)-এর সদস্যসচিব হিসেবে পরিচয় দেওয়া আ ন ম আয়াসের নেতৃত্বে একদল লোক সেখানে অবস্থান করছিলেন। তাঁরা নিজেদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেন।

বেলা পৌনে ১২টার দিকে এক রিকশাচালক মোবাইল ফোনে ধানমন্ডি ৩২ নম্বরের ভিডিও ধারণ করছিলেন। একপর্যায়ে আয়াস তাঁর কাছে গিয়ে মোবাইল ফোন পরীক্ষা করেন। ভিডিওটি যুবলীগের এক ব্যক্তিকে পাঠানো হয়েছে—এমন অভিযোগ তুলে তাঁর সঙ্গে থাকা কয়েকজন রিকশাচালককে মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যায়।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে আসা অর্ণব দাস নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, অর্ণবের বাড়ি টাঙ্গাইলে। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, তিনি নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে রিকশাচালককে মারধরের সময় ঘটনাস্থলে থাকা আরেক ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিলে তাঁকেও মারধর করা হয়। পরে তিনি দৌড়ে সেখান থেকে পালিয়ে যান।

দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিঙাড়া বিতরণ করা হচ্ছে—এমন অভিযোগে আরেক ব্যক্তিকে মারধর করা হয়। তাঁর হাতে থাকা একটি ব্যাগে সিঙাড়া দেখা যায়। একপর্যায়ে তিনিও ঘটনাস্থল থেকে দৌড়ে চলে যান।

আ ন ম আয়াস সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা যাতে কোনো অপতৎপরতা চালাতে না পারে, সে জন্য তাঁরা সেখানে অবস্থান করছেন। কাউকে সন্দেহজনক মনে হলে পুলিশে তুলে দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। তবে কাউকে মারধর করা হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি মব তৈরির বিষয়টি অস্বীকার করেন।

ডিএমপির ধানমন্ডি অঞ্চলের সহকারী কমিশনার সাদ্দাম হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা চলছে।

ভোর থেকেই ধানমন্ডি ৩২ নম্বরের সামনে সড়কের দুই পাশে পুলিশের ব্যারিকেড বসানো হয়। বাড়িটির সামনের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পথচারীদেরও ওই সড়ক দিয়ে চলাচল করতে দেওয়া হচ্ছে না। সকাল থেকে সেখানে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী, উৎসুক জনতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সাঁজোয়া যানও প্রস্তুত রাখা হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement