ফ্যাসিবাদ দেশকে ফোকলা করে গেছে, রাস্তায় বিশৃঙ্খলার দিন শেষ: তারেক রহমান
Published : ১৯:৪৬, ১৫ আগস্ট ২০২৬
ফ্যাসিবাদ পুরো দেশকে ফোকলা করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশে চলমান গ্যাস সংকট কয়েক দিনের মধ্যেই সমাধান হবে। একই সঙ্গে বিদ্যুৎ সংকটে মানুষের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন তিনি।
শনিবার (১৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, ‘ফ্যাসিবাদ পুরো দেশকে ফোকলা করে দিয়ে গেছে। কয়েক দিনের মধ্যেই গ্যাস সমস্যার সমাধান হবে। দেশের মানুষ বিদ্যুতের জন্য কষ্ট করছে, এর জন্য দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি, দ্রুত এর সমাধান হবে।’
দেশের জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, আগামী ১০ বছর দেশের জ্বালানি ব্যবস্থা কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে সরকারের পরিকল্পনা আগামী সংসদ অধিবেশনে তুলে ধরা হবে।
রাজনৈতিক দলগুলোর প্রতি সংসদে নিজেদের পরিকল্পনা তুলে ধরার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের সংসদে এসে নিজেদের পরিকল্পনা দিতে হবে। রাস্তায় বিশৃঙ্খলা করার দিন শেষ।
সমালোচকদের উদ্দেশে তারেক রহমান বলেন, সমালোচনা করা খুব সহজ। মুরোদ থাকলে মাঠে নেমে মানুষের জন্য কাজ করতে হবে। যারা বড় বড় কথা বলছেন, তাদের গত ১৭ বছর রাজপথে খুঁজে পাওয়া যায়নি বলেও মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘১৯৭১ সালে ভুল করেছেন, ১৯৯৬ সালেও ভুল করেছেন, ২০২৬ সালেও বিভ্রান্ত করছেন।’
অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি জনগণের জন্য কাজ করছে এবং দেশের মানুষের দুর্ভোগ কমাতে সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
































