ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআইভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’
Published : ১০:৩০, ১৬ আগস্ট ২০২৬
মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত ও ট্রাফিক শৃঙ্খলা জোরদারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করতে যাচ্ছে হাইওয়ে পুলিশ। আগামী মঙ্গলবার থেকে দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়কে নতুন প্রযুক্তিনির্ভর ব্যবস্থাটি কার্যকর হবে।
হাইওয়ে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, অটো ফাইন সিস্টেমের মাধ্যমে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অবৈধ পার্কিং, উল্টোপথে যানবাহন চালানোসহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যবস্থায় এআই প্রযুক্তিসম্পন্ন ক্যামেরার মাধ্যমে আইন অমান্যকারী যানবাহন শনাক্ত করা হবে। এরপর সংশ্লিষ্ট গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে।
মামলার তথ্য পাওয়ার পর সংশ্লিষ্ট যানবাহনের মালিক প্রচলিত মোবাইল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে নির্ধারিত জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম বলেন, প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা চালুর ফলে মহাসড়কে সংঘটিত বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। এর মাধ্যমে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা আরও জোরদার হবে বলে আশা করছে হাইওয়ে পুলিশ।
































