কল্যাণমূলক রাষ্ট্র গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

কল্যাণমূলক রাষ্ট্র গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করার পর এক সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:২৭, ১৬ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মানুষের জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার।

রোববার কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করার পর আয়োজিত জনসমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ডসহ নানা উদ্যোগ রয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের সাধারণ মানুষ উপকৃত হবে বলেও মন্তব্য করেন তিনি।

জনসমাবেশে উপস্থিত মানুষের উদ্দেশে তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ যে আস্থা নিয়ে বিএনপিকে দায়িত্ব দিয়েছে, সেই আস্থা ধরে রাখতে হবে। বিএনপি জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি বলেন, দেশের জনগণের স্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না। দেশ ও মানুষের কল্যাণেই সরকারের সব কার্যক্রম পরিচালিত হবে।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে আগের সরকারের অপরিকল্পিত বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, এসব পদক্ষেপের কারণে বর্তমান সংকট তৈরি হয়েছে। আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন শুরু হবে। সেখানে আগামী ১০ বছরে দেশের বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের পরিকল্পনা তুলে ধরা হবে।

দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজপথে অস্থিরতা তৈরি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ। এতে ব্যবসা-বাণিজ্য, চাকরি ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের মানুষ এখন শান্তি, আইনের শাসন, কর্মসংস্থান, সন্তানের শিক্ষা ও পরিবারের জন্য উন্নত স্বাস্থ্যব্যবস্থা চায়। এসব লক্ষ্য অর্জনে সবাইকে ধৈর্য ধরার পাশাপাশি বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

পাকুন্দিয়ায় পৌঁছে প্রধানমন্ত্রী পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন। পরে অনুষ্ঠানস্থলে মঞ্চে উঠলে হাজারো নেতাকর্মী করতালি দিয়ে তাকে স্বাগত জানান।

শেয়ার করুনঃ
Advertisement