স্মার্ট বাংলাদেশ গড়তে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ: তথ্যমন্ত্রী
Published : ১৭:৫১, ১৬ আগস্ট ২০২৬
ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দিতে দেশের সর্বাধুনিক প্রযুক্তি-সংবলিত তথ্য কমপ্লেক্স গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, তথ্য কমপ্লেক্স শুধু সরকারি তথ্য প্রচারের কেন্দ্র হিসেবে সীমাবদ্ধ থাকবে না। শিল্প-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্যসহ দেশের বিপুল তথ্যভান্ডার সংরক্ষণ, ডিজিটাল লাইব্রেরি পরিচালনা, বিনোদন এবং তরুণদের প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের কেন্দ্র হিসেবেও এটি গড়ে তোলা হবে।
রোববার দুপুরে বরিশাল নগরের কাশীপুর এলাকায় বিভাগীয় তথ্য কমপ্লেক্সের নির্মাণকাজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
স্থাপত্য ও গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ১৭ কোটি ৬৩ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে বরিশালে তথ্য কমপ্লেক্সটি নির্মাণ করা হবে।
গণপূর্ত বিভাগ সূত্র জানায়, দেশের সাতটি বিভাগীয় শহরে সাত তলাবিশিষ্ট সাতটি এবং ১৯টি জেলা শহরে পাঁচ তলাবিশিষ্ট ১৯টি তথ্য কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব কমপ্লেক্সের মাধ্যমে সরকারি তথ্য প্রচার ও সংরক্ষণের পাশাপাশি ডিজিটাল সেবা, প্রযুক্তি ও জ্ঞানচর্চার সুযোগ সম্প্রসারণ করা হবে।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব তথ্যপ্রযুক্তিনির্ভর। প্রতিনিয়ত প্রযুক্তির সম্ভাবনা পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে তরুণদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি নতুন প্রযুক্তির প্রতি আগ্রহী করে তুলতে হবে।
বরিশালের তথ্য কমপ্লেক্সকে আধুনিক ও বহুমুখী কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা জানিয়ে তিনি বলেন, শুধু অবকাঠামো নির্মাণ করলেই এর সার্থকতা আসবে না। সফটওয়্যার, প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক কার্যক্রমের ওপর সমান গুরুত্ব দিতে হবে।
জহির উদ্দিন স্বপন বলেন, তারেক রহমানের সরকার তথ্য কমপ্লেক্সগুলোর কার্যক্রমকে বৈশ্বিক মানে নিয়ে যেতে চায়। এর অংশ হিসেবে একটি কেন্দ্রীয় ডিজিটাল লাইব্রেরি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের তথ্য কমপ্লেক্সগুলো এই ডিজিটাল লাইব্রেরির সঙ্গে যুক্ত থাকবে।
তিনি আরও জানান, তথ্য কমপ্লেক্সে বড় ডেটা সেন্টার ও আধুনিক প্রযুক্তি ল্যাব স্থাপনের পরিকল্পনাও রয়েছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ একই তথ্যভান্ডারে প্রবেশের সুযোগ পাবেন।
তথ্যমন্ত্রী বলেন, একসময় দেশে তথ্যের সংকট ছিল। এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। তথ্যের বিপুল প্রবাহকে দেশের সম্পদে পরিণত করতে তরুণদের প্রয়োজনীয় প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে।
অনুষ্ঠানে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল জলিল, বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি জুলফিকার আলী হায়দার, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন ও মহানগর পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ প্রমুখ বক্তব্য দেন।

































