গণআকাঙ্ক্ষার প্রতিফলনে গণমাধ্যমে আমূল আধুনিকায়নের আহ্বান তথ্যমন্ত্রীর
Published : ১৭:২৮, ১৭ আগস্ট ২০২৬
পরিবর্তনশীল প্রযুক্তির যুগে গণআকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন এবং নতুন সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় গণমাধ্যমসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আমূল আধুনিকায়ন ও কাঠামোগত রূপান্তরের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সোমবার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘মুনসুন রিভল্যুশন অডিটোরিয়ামে’ আয়োজিত ‘গণমাধ্যম, গণআকাঙ্ক্ষা ও জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তথ্যমন্ত্রী বলেন, ইন্টারনেট, ডিজিটাল প্ল্যাটফর্ম ও স্মার্ট ডিভাইসের বিস্তারের ফলে সভ্যতার ইতিহাসে বড় ধরনের পরিবর্তন এসেছে। গত ২০ থেকে ২৫ বছরে ডিজিটাল রূপান্তরের কারণে সমাজে এমন পরিবর্তন ঘটেছে, যা গত হাজার বছরের পরিবর্তনের তুলনায়ও অনেক বেশি ঘনত্বে ঘটেছে।
তিনি বলেন, একসময় শুধু সরকার নিয়ন্ত্রিত বা নিবন্ধিত গণমাধ্যমের প্রচারণাকেই গণকণ্ঠ হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু ডিজিটাল প্রযুক্তির বিকাশের ফলে এখন জনগণের স্বতঃস্ফূর্ত কণ্ঠ ও গণআকাঙ্ক্ষা সরাসরি প্রতিফলিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
জহির উদ্দিন স্বপন বলেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও রেডিওর মতো প্রতিষ্ঠানের মূল কাঠামো তৈরি হয়েছিল ইন্টারনেট ও স্মার্ট ডিভাইসের যুগের আগেই। বর্তমান বাস্তবতায় দর্শক-শ্রোতাদের পরিবর্তিত চাহিদা, ক্লাউড প্রযুক্তি এবং নতুন চ্যালেঞ্জগুলো গভীরভাবে অনুধাবন করা প্রয়োজন।
গণআকাঙ্ক্ষাকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে গণমাধ্যমে যথাযথভাবে রূপান্তর করতে বিশেষজ্ঞ জ্ঞান, টেকসই প্রযুক্তি ও দক্ষতার সমন্বিত প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।
সেমিনারে উপস্থাপিত আলোচনা ও সুনির্দিষ্ট প্রস্তাবনাগুলো সরকারের নীতি নির্ধারণী রোডম্যাপ তৈরির পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন তিনি।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারি কর্ম কমিশনের সদস্য ড. সায়মা ফেরদৌস এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী।
সেমিনারে গণমাধ্যম গবেষক, শিক্ষক, বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




























