খেলাধুলার মাধ্যমে দূরদর্শী প্রজন্ম গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
Published : ১৫:১৭, ১৮ আগস্ট ২০২৬
ভবিষ্যতে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে—এমন একটি দূরদর্শী ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে চায় সরকার। আর নতুন প্রজন্মের নেতৃত্ব বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘খেলায় খেলায় শিখি’ তথ্যপুস্তক পর্যালোচনা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিশুদের ইভটিজিংসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি তাদের আগ্রহী করে তুলতে হবে। তবে শুধু মাঠে খেললেই হবে না, খেলার মধ্য দিয়ে থাকা নৈতিকতা, শৃঙ্খলা ও শিক্ষণীয় বিষয়গুলোও শিশুদের কাছে তুলে ধরতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
প্রাথমিক শিক্ষার কারিকুলাম প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে চতুর্থ শ্রেণি থেকে ‘খেলায় খেলায় শিখি’ কার্যক্রম চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে এটি প্রথম শ্রেণি থেকেই শুরু করা হবে।
তিনি আরও জানান, ২০২৮ সালের নতুন কারিকুলাম প্রণয়নের কাজ এগিয়ে নিতে আগামী সপ্তাহেই একটি বিশেষ কমিটি গঠন করা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রাথমিক পর্যায় থেকেই আধুনিক, দক্ষ ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে। খেলাধুলাভিত্তিক শিক্ষা কার্যক্রম সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






























