মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শফিকুর রহমানের অভিনন্দন
Published : ১৮:১২, ২০ আগস্ট ২০২৬
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান তিনি।
অভিনন্দন বার্তায় ডা. শফিকুর রহমান বলেন, ‘আজ ২০ আগস্ট ২০২৬ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। এই নির্বাচনে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমি তাঁকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি।’
তিনি আরও বলেন, আগামী দিনগুলোতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে ইনসাফ কায়েম, গণতন্ত্রকে সমুন্নত রাখা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর সর্বোচ্চ যোগ্যতা ও প্রজ্ঞা কাজে লাগাবেন বলে তিনি আশাবাদী।
অভিনন্দন বার্তায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।





























