কক্সবাজারে এসি বাসে আগুন, জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার
Published : ১১:৩৭, ২২ আগস্ট ২০২৬
কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি এসি বাসে চলন্ত অবস্থায় আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে বাসটি ক্ষতিগ্রস্ত হলেও এতে কোনো হতাহত হয়নি। স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশের দ্রুত তৎপরতায় বাসে থাকা প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়।
যাত্রীদের অভিযোগ, বাসের ভেতরে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লেও চালক বা সহকারী তাদের সতর্ক করেননি। বরং তারা বাস থেকে নেমে চলে যান। পরে স্থানীয় লোকজন বাসের জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করেন।
এক যাত্রী জানান, প্রথমে বাসের ভেতরে পোড়া গন্ধ পাওয়া যায়। পরে আগুন দেখতে পান তারা। চালক ও সহকারী বিষয়টি যাত্রীদের না জানানোয় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রামু তুলাতলি ক্রসিং হাইওয়ে থানার পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে থাকা হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত সেখানে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় যাত্রী ও তাঁদের মালামাল নিরাপদে উদ্ধার করে। পরে একই পরিবহনের আরেকটি বাসে করে যাত্রীদের ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, যান্ত্রিক ত্রুটি ও ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে বাসটিতে আগুনের সূত্রপাত হতে পারে।
সংশ্লিষ্টরা জানান, আগুন লাগার পর দ্রুত যাত্রীদের উদ্ধার করা সম্ভব না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।































