অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: বিমানমন্ত্রী
Published : ১৭:১৩, ২৪ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সও বিমানবন্দরটি থেকে ফ্লাইট পরিচালনা করবে বলে আশা করা হচ্ছে।
সোমবার সচিবালয়ে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এ কথা বলেন।
মিল্লাত বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার কাজ এগিয়ে চলছে। দেশের প্রধান পর্যটন গন্তব্য থেকে ফ্লাইট পরিচালনায় ইতোমধ্যে কয়েকটি বিদেশি এয়ারলাইন্স আগ্রহ প্রকাশ করেছে বলেও তিনি জানান।
তিনি বলেন, আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে কক্সবাজার থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার আগামী ডিসেম্বরে এটি চালুর প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। এ জন্য জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আগামী মাসে একটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে।
মন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনাল চালু হলে শাহজালাল বিমানবন্দরের যাত্রী পরিচালনক্ষমতা বাড়বে এবং সেবার মান উন্নত হবে। দেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বারে আন্তর্জাতিক মানের সুবিধা নিশ্চিত করা সহজ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সাক্ষাতে এটিজেএফবি সভাপতি তানজিম আনোয়ার নতুন দায়িত্ব গ্রহণ করায় মন্ত্রীকে অভিনন্দন জানান। সংগঠনের সাধারণ সম্পাদক বাতেন বিপ্লবসহ অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।



























