পুলিশি পাহারায় সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে জামায়াত: রাশেদ খান
Published : ১২:০৬, ৩১ আগস্ট ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামী পুলিশি পাহারায় সরকার পতনের ‘দিবাস্বপ্ন’ দেখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
রোববার (৩০ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান তাঁর পোস্টে দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময় জামায়াত কখনো সংসদ ভবনের আশপাশে যেতে পারেনি। অথচ বর্তমানে সংসদ অধিবেশন চলাকালে জামায়াত বিক্ষোভ মিছিল নিয়ে সংসদ ভবন ঘেরাও করেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও লেখেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় জামায়াতের কোনো নেতা সংসদ ভবনের ভেতরে প্রবেশ করেছিলেন কি না—এ প্রশ্নও তোলেন তিনি। একই সঙ্গে গত ১৬ বছরে যারা সংসদ ভবনের আশপাশে যাননি, তারাই এখন ‘আওয়ামী মুক্ত’ পরিবেশে পুলিশের বাধা না থাকার সুযোগ নিচ্ছেন বলে মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খান বলেন, পুলিশি নিরাপত্তায় লংমার্চ কিংবা সচিবালয় ও জাতীয় সংসদ ঘেরাও করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না। তাঁর ভাষ্য, যারা বিরোধী দল পরিচালনা করতে পারে না, তারা রাষ্ট্রকে অশান্ত করতে পারলেও ক্ষমতায় গিয়ে দেশ পরিচালনা করতে পারবে না।
রাশেদ খানের পুরো বক্তব্য তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টে দেওয়া হয়েছে।





























