‘মক্কা প্যাক্টে’ বাংলাদেশের যুক্ত হওয়ার আগ্রহকে ইতিবাচক দেখছেন আসিফ মাহমুদ

‘মক্কা প্যাক্টে’ বাংলাদেশের যুক্ত হওয়ার আগ্রহকে ইতিবাচক দেখছেন আসিফ মাহমুদ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:১৪, ৩১ আগস্ট ২০২৬

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত আলোচিত ‘মক্কা প্যাক্টে’ বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়ে সরকারের আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তবে এ ধরনের আন্তর্জাতিক চুক্তিতে বাংলাদেশের দীর্ঘদিনের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখা এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দিয়েছেন তিনি।

সোমবার (৩১ আগস্ট) ওমরাহ পালন শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

‘মক্কা প্যাক্ট’ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, তিন দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়ে সরকারের যে আগ্রহ রয়েছে, সেটিকে তারা ইতিবাচকভাবে দেখছেন। চুক্তিটি বাংলাদেশের জন্য ফলপ্রসূ হলে তা দেশের জন্য ভালো হবে বলেও মন্তব্য করেন তিনি।

চুক্তিটির সম্ভাব্য সুবিধা ও অসুবিধা নিয়ে তারা নিজস্ব পর্যায়ে পর্যালোচনা করছেন বলে জানান আসিফ মাহমুদ। একই সঙ্গে চুক্তিতে থাকা তিন দেশসহ সংশ্লিষ্ট কূটনৈতিক অংশীজনদের সঙ্গেও আলোচনা করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্য প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ কোনো নির্দিষ্ট বলয়ে প্রবেশ করে সামরিক বা বাণিজ্যিক বোঝাপড়ায় যায়নি। ভবিষ্যতেও সবার সঙ্গে সম্পর্কের পথ খোলা রেখেই যেকোনো সামরিক বা বাণিজ্যিক চুক্তিতে যাওয়া প্রয়োজন।

দেশের অন্যান্য বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে সমমানের পরিবেশ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

আসিফ মাহমুদের মতে, সব ধরনের উদ্বেগ বিবেচনায় নিয়ে বাংলাদেশের জন্য ফলপ্রসূ কোনো সম্পর্কের দিকে এগোনো সম্ভব হলে সেটি ইতিবাচক হবে।

শেয়ার করুনঃ
Advertisement