আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দুর্নীতির তথ্য চেয়ে দুদকের চিঠি
Published : ১৭:২৭, ৩ সেপ্টেম্বর ২০২৬
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা বদলি, নিয়োগ ও পদোন্নতি বাণিজ্যের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুদকের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে বুধবার দুদক জানায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
অভিযোগের তীর রয়েছে যাঁদের দিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছাড়াও এই অভিযোগে অভিযুক্ত অন্য তিন শীর্ষ কর্মকর্তা হলেন—মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্মসচিব শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং যুব-১ শাখার উপসচিব মো. মাসুম আহমেদ।
দুর্নীতির যে সকল সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে দুদকে জমা হওয়া অভিযোগ অনুযায়ী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তরে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলে ব্যাপক আর্থিক অনিয়ম চালানো হয়। এর মধ্যে উল্লেখযোগ্য দিকগুলো হলো:
৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব বাতিল ও নতুন পদায়ন আদেশের মাধ্যমে ৭৬ লাখ টাকা হাতিয়ে নেওয়া।
১৫০ জন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পদোন্নতির জন্য দেড় কোটি টাকা এবং পদোন্নতির পর সুবিধাজনক স্থানে পদায়নের জন্য আরও প্রায় দুই কোটি টাকা উৎকোচ গ্রহণ।
অধিদপ্তরের বিভিন্ন টেন্ডার, কেনাকাটা ও অন্যান্য দাপ্তরিক কার্যক্রমে অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ।
৪ সদস্যের অনুসন্ধান দল গঠন উক্ত অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহের জন্য ইতোমধ্যে ৪ সদস্যের একটি বিশেষ অনুসন্ধান দল গঠন করেছে দুদক। দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে গঠিত এই টিমের অন্য সদস্যরা হলেন—সহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন, উপসহকারী পরিচালক ইমরান আকন ও রোমান উদ্দিন।






























