ছয় দফা দাবিতে ১১ দলের লংমার্চ, শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ
Published : ১১:২০, ৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা থেকে চট্টগ্রামমুখী লংমার্চ শুরু করছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য। জুলাই গণহত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারের সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে এ কর্মসূচি শুরু হয়েছে।
লংমার্চকে কেন্দ্র করে সকাল থেকেই শাপলা চত্বরে জোটভুক্ত দলগুলোর নেতাকর্মী ও সমর্থকেরা জড়ো হতে থাকেন। সকাল ৭টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উদ্বোধনী সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।
সমাবেশ শেষে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ যাত্রা করার কথা রয়েছে। নির্ধারিত রুটে কয়েকটি পথসভা অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জের কাচপুর, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাই এলাকায় এসব পথসভা হওয়ার কথা রয়েছে। পরে সন্ধ্যায় চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হবে।
জোটের অভিযোগ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনের আগে সংস্কার ইস্যুতে গণভোটে পাওয়া জনরায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও সরকার ক্ষমতায় এসে তা বাস্তবায়ন করেনি। জোটের নেতারা দাবি করেন, এ কারণে জনগণের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
তাদের আরও অভিযোগ, দেশে তেল, গ্যাস ও বিদ্যুতের সংকটের পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবনে চাপ বাড়াচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির কারণেও সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেছে ১১ দলীয় ঐক্য।
প্রশাসনের দলীয়করণ ও অব্যবস্থাপনার কারণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ব্যাহত হচ্ছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়েছে।
রাজপথে কর্মসূচির ঘোষণা
জোটের নেতাদের ভাষ্য, সংসদে জনগণের বিভিন্ন সমস্যা তুলে ধরে সমাধানের দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। সংসদীয় পরিসরে দাবি উত্থাপনের পরও সমস্যার সমাধান না হওয়ায় রাজপথে আন্দোলনের কর্মসূচি নিতে হয়েছে বলে তারা জানান।
লংমার্চে জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা নেতৃত্ব দেবেন।
এছাড়া বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম চান এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর আবু জাফর কাসেমীসহ জোটের অন্যান্য নেতারা কর্মসূচিতে অংশ নিচ্ছেন।





























