জামায়াতের লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ নেই: রাশেদ খাঁন

জামায়াতের লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ নেই: রাশেদ খাঁন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:২৮, ৫ সেপ্টেম্বর ২০২৬

জামায়াতে ইসলামী ঘোষিত ঢাকা-চট্টগ্রাম লংমার্চে সাধারণ মানুষের কোনো আগ্রহ ও অংশগ্রহণ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।

শনিবার (৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন তার পোস্টে দাবি করেন, লংমার্চকে ঘিরে বিরোধী দলের নেতাদের মধ্যে হতাশা দেখা গেছে। তার ভাষ্য, দলীয় নেতাকর্মীদের বাইরে সাধারণ মানুষের উল্লেখযোগ্য অংশগ্রহণ দেখা যাচ্ছে না। লংমার্চকে ঘিরে প্রত্যাশিত জনসমাগম না হওয়ায় জামায়াত নেতৃত্বাধীন জোটের কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

ছয় দফা নিয়েও প্রশ্ন
রাশেদ খাঁন বলেন, সাধারণ মানুষ বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাস খাতের জাতীয় ও আন্তর্জাতিক সংকট সম্পর্কে অবগত। তার দাবি, ছয় মাসের সরকারের ওপর দীর্ঘদিনের সমস্যা, সংকট ও অব্যবস্থাপনার দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও দাবি করেন, স্বাক্ষরিত জুলাই জাতীয় সংসদ (সনদ) বাস্তবায়নে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিরোধী দলের ঘোষিত ছয় দফা নিয়েও সাধারণ মানুষের আগ্রহ নেই বলে মন্তব্য করেন তিনি।

যান চলাচল বন্ধে জনভোগান্তির অভিযোগ
লংমার্চের কারণে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে দাবি করে রাশেদ খাঁন বলেন, এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে এবং জ্বালানি সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

তার দাবি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক যাত্রী ও পণ্যবাহী যান চলাচল করে। লংমার্চের কারণে এসব যান চলাচল ব্যাহত হওয়ায় অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি জনদুর্ভোগ তৈরি হচ্ছে।

পোস্টে তিনি আরও অভিযোগ করেন, দলীয় স্বার্থে এবং মিথ্যাচার ও প্রতারণাকে ভিত্তি করে জামায়াত জনগণের ওপর ‘লংমার্চ’ কর্মসূচি চাপিয়ে দিয়েছে।

তবে রাশেদ খাঁনের এসব বক্তব্য তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে করা রাজনৈতিক মন্তব্য। লংমার্চ আয়োজকদের পক্ষ থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এসব অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুনঃ
Advertisement