বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে সরকারের কঠোর সমালোচনা করলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে সরকারের কঠোর সমালোচনা করলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:২২, ৫ সেপ্টেম্বর ২০২৬

মানুষের মৌলিক অধিকার ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (৫ মার্চ) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজারে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই সমালোচনা করেন।

বিদ্যুৎ ও গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং ভুতুড়ে বিলের কথা উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, নাগরিকরা পকেটের টাকা দিয়ে সেবা কিনলেও আজ ঘরে বিদ্যুৎ মিলছে না। যেখানে আগে বিদ্যুৎ বিল আসত ১২শ টাকা, এখন তা বেড়ে ৪ হাজার টাকায় দাঁড়িয়েছে। এই অতিরিক্ত অর্থের কোনো হিসাব জনগণ পাচ্ছে না। বিদ্যুৎ মন্ত্রী পরিস্থিতির সামাল দিতে ব্যর্থ হয়ে আইসিইউতে চলে গেছেন বলেও মন্তব্য করেন তিনি।

সরকার গঠনের ছয় মাস পার হলেও সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সংস্কার বা স্বস্তি পায়নি অভিযোগ করে তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়ায় আজ দেশের মানুষ চরম সংকটের মুখে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস সংকট ও কর্মহীনতার কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। নির্বাচনের আগে নানা বুলি আওড়ালেও এখন ১৮ কোটি মানুষের দেওয়া রায় বা গণভোটের প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

কুমিল্লার আন্দোলনের ইতিহাস স্মরণ করে তিনি বলেন, ২০২৪ সালের ১১ জুলাই সর্বপ্রথম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে প্রতিরোধ গড়ে তুলেছিল। তৎকালীন সরকার সেই ক্ষোভ থেকে কুমিল্লার মানুষকে বিভিন্নভাবে বঞ্চিত করলেও কুমিল্লার জনগণ তার উপযুক্ত জবাব দিয়েছে। হামলা-মামলা বা কোনো হুমকিকে ভয় না পেয়ে ১১ দলীয় জোট ও জাতীয় নাগরিক পার্টি সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপি প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ এবং খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ জোটের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
Advertisement