শুধু সরকারের ওপর নয়, পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

শুধু সরকারের ওপর নয়, পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:২৯, ৬ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী এবং একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে কেবল সরকারের ওপর নির্ভর না করে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে রাজধানী ঢাকার চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা, নাব্যতা নিশ্চিতকরণ এবং বৃত্তাকার নৌপথের উন্নয়নসংক্রান্ত এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, নিজেদের পাশাপাশি পরবর্তী প্রজন্মের জন্যও দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে। এ জন্য শুধু সরকারি নির্দেশনার অপেক্ষায় না থেকে ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেও সবাইকে এগিয়ে আসতে হবে।

সভায় বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা নদী এবং এর সঙ্গে যুক্ত খাল ও ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ এবং বর্জ্য অপসারণের কার্যক্রম পর্যালোচনা করা হয়। একই সঙ্গে নদ-নদীর নাব্যতা, পানির স্বাভাবিক প্রবাহ এবং ঢাকার চারপাশের বৃত্তাকার নৌপথের উন্নয়নসংক্রান্ত কার্যক্রম নিয়েও বিস্তারিত আলোচনা হয়। গৃহীত পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে যথাযথ সমন্বয় নিশ্চিত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

উক্ত সভায় স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান, পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, বিশেষ সহকারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, নৌবাহিনীর ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার, বিভিন্ন সচিব এবং ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
Advertisement