রিমান্ড শেষে খলনায়ক ডন কারাগারে, তথ্য গোপনের অভিযোগ সিআইডির
Published : ১৭:৪৭, ৯ সেপ্টেম্বর ২০২৬
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষ খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তাকে জিজ্ঞাসাবাদে তিনি মামলার অনেক গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন বলে দাবি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
সিআইডির রিমান্ড ও তদন্তের প্রতিবেদন
রিমান্ড শেষে ডনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির পুলিশ পরিদর্শক মো. মুজিবুর রহমান।
আবেদনে উল্লেখ করা হয়, মামলার পলাতক আসামিদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে ডন তাদের চেনেন বলে স্বীকার করলেও মামলার সঙ্গে জড়িত অনেক তথ্য গোপন করছেন। সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তাঁর সঙ্গে নিয়মিত চলাফেরা করায় সালমানের ব্যক্তিজীবন ও ক্যারিয়ারের বিভিন্ন বিষয় সম্পর্কে ডন অবগত ছিলেন।
তদন্তকারী কর্মকর্তা আদালতকে জানান, সালমান শাহর মৃত্যুর ঘটনা ও মামলার প্রেক্ষাপট নিয়ে জিজ্ঞাসাবাদে ডন অত্যন্ত কৌশলী ও চতুরতার আশ্রয় নিয়েছেন। তবে ঘটনার পূর্বে, পরে ও ঘটনার দিন তাঁর সামগ্রিক আচার-আচরণ ও চালচলন বিশ্লেষণ করে এই হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর জড়িত থাকার বিষয়ে বেশ কিছু তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলাটি অত্যন্ত আলোচিত ও চাঞ্চল্যকর হওয়ায় প্রাপ্ত এসব তথ্য গভীরভাগে যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে প্রয়োজন সাপেক্ষে পরবর্তীতে আদালতের অনুমতি নিয়ে তাকে আবারও রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
গ্রেফতার ও রিমান্ডের প্রেক্ষাপট
এর আগে গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় ডনকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরপর গত ২০ আগস্ট তদন্ত কর্মকর্তা তাঁর সাত দিনের রিমান্ডের আবেদন করলে গত ২৭ আগস্ট আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।



























