বিমানবহরে যুক্ত হচ্ছে আরও ১১ বোয়িং, চুক্তির তথ্য জানাল সরকার
Published : ১০:৪৬, ২৪ সেপ্টেম্বর ২০২৬
দেশের বিমান পরিবহন খাতের সক্ষমতা বাড়াতে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
স্থানীয় সময় বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, এর আগের দিন বোয়িংয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ওই চুক্তির আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নতুন করে ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার উদ্যোগ নিয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মার্কিন সরকারের উচ্চপর্যায়ের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক, উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার লান্ডাউ, আন্ডার সেক্রেটারি অব কমার্স উইলিয়াম কিমিট এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।
হুমায়ুন কবির বলেন, দেশের এভিয়েশন খাত সম্প্রসারণ এবং নতুন আন্তর্জাতিক রুট চালুর পরিকল্পনার অংশ হিসেবেই নতুন উড়োজাহাজ কেনার প্রয়োজন দেখা দিয়েছে। বাংলাদেশের চাহিদা বিবেচনা করেই বিমান কেনা হবে বলে জানান তিনি।
বোয়িংয়ের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্কের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের সঙ্গেও আলোচনা হতে পারে।
তিনি আরও জানান, বোয়িংয়ের একটি প্রতিনিধিদল পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

































