শিক্ষককে ছেড়ে দেওয়ার নির্দেশ, মতপ্রকাশের স্বাধীনতার কথা বললেন মাহদী

শিক্ষককে ছেড়ে দেওয়ার নির্দেশ, মতপ্রকাশের স্বাধীনতার কথা বললেন মাহদী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:২৮, ১ অক্টোবর ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে আপত্তিকর মন্তব্যের অভিযোগে আটক এক স্কুলশিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দেওয়ার পর মতপ্রকাশের স্বাধীনতা ও ভিন্নমতের প্রতি সম্মানের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে মাহদী আমিন জানান, ওই শিক্ষককে পুলিশ আটক করে থানায় নেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রী জানতে পারেন। পরে তিনি সংশ্লিষ্ট থানাকে শিক্ষককে সসম্মানে ছেড়ে দিয়ে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। পরে পুলিশ তাকে তার বাসায় পৌঁছে দেয়।

মাহদী আমিনের ভাষ্য অনুযায়ী, দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীকে নিয়ে ওই শিক্ষকের মন্তব্যের পর স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও বাসিন্দাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ হলে পুলিশ শিক্ষককে আটক করে।

আটক শিক্ষক গোলাম কিবরিয়া লালন দৌলতপুরের প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক। স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছিল। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের সময় গোলাম কিবরিয়া অভিযোগ অস্বীকার করেন।

প্রধানমন্ত্রীর অবস্থান তুলে ধরে মাহদী আমিন বলেন, মানুষের মধ্যে মতের পার্থক্য থাকতেই পারে এবং প্রত্যেকের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও মতামত প্রকাশের অধিকার রয়েছে। কারও বক্তব্যের সঙ্গে দ্বিমত থাকলেও তার মতপ্রকাশের অধিকারকে সম্মান করা উচিত বলে তিনি উল্লেখ করেন।

মাহদী আমিন আরও বলেন, ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান গণতন্ত্রের শক্তি। ইতিবাচক আচরণ, পারস্পরিক সম্মান ও সহাবস্থানের সংস্কৃতি সমাজকে আরও শক্তিশালী করতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

শেয়ার করুনঃ
Advertisement