আজকের শিশুরাই গড়বে আগামীর বাংলাদেশ: মঈন খান
Published : ১৫:০৬, ৭ অক্টোবর ২০২৬
আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, শিশুদের জন্য কাজ করা মানেই দেশের ভবিষ্যৎ নির্মাণে কাজ করা। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।
বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে শিশু অধিকার দিবস ২০২৬ ও প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘শিশুর স্বপ্নে ৫০ বছর: অর্জন, অভিজ্ঞতা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, আজকের শিশুরাই একদিন দেশের পূর্ণাঙ্গ নাগরিক হয়ে বাংলাদেশকে গড়ে তুলবে। তাই তাদের সঠিকভাবে বেড়ে ওঠার সুযোগ তৈরি করা শুধু শিশুদের দায়িত্ব নয়, বর্তমান প্রজন্মেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।
শিশুদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। শিশুদের যথাযথভাবে গড়ে তুলতে ব্যর্থ হলে এর দায় বর্তমান প্রজন্মের ওপরই বর্তাবে বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শিশু অধিকার নিয়ে ভাবনার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, শিশুদের সুপ্ত প্রতিভা ও সম্ভাবনা বিকাশের সুযোগ তৈরি করা এবং তাদের ভবিষ্যতের নেতৃত্বের জন্য প্রস্তুত করার প্রয়োজনীয়তা জিয়াউর রহমান উপলব্ধি করেছিলেন।
মঈন খান বলেন, ‘শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে’—এই ভাবনার মধ্য দিয়ে শিশুদের ভবিষ্যৎ নাগরিক ও নেতৃত্বদাতা হিসেবে গড়ে ওঠার বিষয়টি প্রতিফলিত হয়। আজকের শিশুরাই আগামী দিনের রাষ্ট্রনায়ক ও দেশের নেতৃত্ব দেবে বলেও তিনি উল্লেখ করেন।
বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তিকে শিশু অধিকার প্রতিষ্ঠার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন মন্ত্রী। তার মতে, এ আয়োজনের মধ্য দিয়ে উপস্থিত শিশুরা দেশের শিশু অধিকার প্রতিষ্ঠার ইতিহাসের একটি উল্লেখযোগ্য মুহূর্তের সাক্ষী হয়েছে।
শিশুদের ভবিষ্যৎকে সৃষ্টির চাকার সঙ্গে তুলনা করে তিনি বলেন, পৃথিবী কখনো থেমে থাকে না। সৃষ্টির চাকা সবসময় সামনে এগিয়ে চলে। শিশুরাও সেই অগ্রযাত্রার অংশ; তাই ভবিষ্যতের জন্য তাদের এখন থেকেই প্রস্তুত হতে হবে।
মঈন খান শিশুদের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ ও মানুষের কল্যাণে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার কথা বলেন।
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সেলিমা রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা আক্তার এবং শিশু একাডেমির মহাপরিচালক আরজু আরা বেগমসহ অন্যরা উপস্থিত ছিলেন।































