বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপানের মারুবেনি করপোরেশন
Published : ১৪:০৬, ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ এবং তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবেনি করপোরেশন। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রতিষ্ঠানটির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।
রোববার (১১ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মারুবেনি করপোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোটোর নেতৃত্বাধীন প্রতিনিধিদল।
সাক্ষাৎকালে বাংলাদেশে নতুন বিনিয়োগের সম্ভাবনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়। এ সময় মারুবেনি করপোরেশনের প্রতিনিধিরা বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহের কথা জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সরকারের অঙ্গীকার তুলে ধরেন।
সংশ্লিষ্ট খাতগুলোতে সহযোগিতা বাড়ানোর এই উদ্যোগ বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার সম্ভাবনা তৈরি করেছে। বিশেষ করে প্রযুক্তি, জ্বালানি ও শিল্পসংশ্লিষ্ট খাতে বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে দেশের উন্নয়ন ও কর্মসংস্থানে নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।
































