জার্মান পর্যটককে ম্যাকবুক উপহার দিলেন বাংলাদেশি ব্যবসায়ী

জার্মান পর্যটককে ম্যাকবুক উপহার দিলেন বাংলাদেশি ব্যবসায়ী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৩৫, ১১ অক্টোবর ২০২৬

বাংলাদেশে ভ্রমণে এসে ল্যাপটপ ও ক্যামেরা হারিয়ে কান্নায় ভেঙে পড়া ১৮ বছর বয়সী জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশি ব্যবসায়ী মুক্তি মাহমুদ। তরুণ পর্যটককে একটি ম্যাকবুক উপহার দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

শনিবার সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ থানায় পুলিশের উপস্থিতিতে ক্রিলের হাতে নতুন ম্যাকবুক তুলে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে নিজের ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ রেখে টাকা তুলতে যান ক্রিল। ফিরে এসে ওই ব্যক্তিকে আর খুঁজে পাননি তিনি। পরে জানতে পারেন, ওই ব্যক্তি রেলওয়ের কর্মকর্তা নন। এ ঘটনায় নাটোর সদর থানায় অভিযোগ জানান তিনি।

থানায় বসে ক্রিলের কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। ঘটনার পর বৃহস্পতিবার ঢাকায় ফিরে আসেন এই জার্মান পর্যটক।

ভিডিওটি দেখে মর্মাহত হন রাজধানীর জিগাতলায় বসবাসকারী মুক্তি মাহমুদ। নিজের ছেলের কথা মনে করে ক্রিলকে সহায়তা করার সিদ্ধান্ত নেন তিনি। পরে শাওন নামের একজনের মাধ্যমে যোগাযোগ করে তরুণ পর্যটককে একটি ম্যাকবুক উপহার দেন মুক্তি।

মুক্তি মাহমুদ আনজুমান ডিজাইনারস লিমিটেডের মানবসম্পদ বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক। তিনি বলেন, বাংলাদেশে এসে একজন বিদেশি পর্যটকের জিনিসপত্র চুরি হওয়া দেশের জন্য বিব্রতকর। তাঁর নিজের ছেলেও বিদেশে পড়াশোনা করেন। সেই ভাবনা থেকেই ক্রিলের পাশে দাঁড়িয়েছেন তিনি। বাংলাদেশ ছাড়ার আগে তরুণ পর্যটক যেন কিছু ভালো স্মৃতি নিয়ে দেশে ফিরতে পারেন, সেটিই তাঁর প্রত্যাশা।

নতুন ম্যাকবুক পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্রিল ল্যান্ডার। এটি ব্যবহার করে আবার কাজ শুরু করতে পারবেন বলে জানিয়েছেন তিনি।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরি করে নিজের ল্যাপটপটি কিনেছিলেন ক্রিল। সেটি হারানো তাঁর জন্য দুঃখজনক। তবে একজন বাংলাদেশি নিজ উদ্যোগে তাঁকে ম্যাকবুক উপহার দিয়েছেন, যা দেশের ভাবমূর্তি পুনরুদ্ধারে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

পুলিশ আরও জানায়, নাটোর রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে ক্রিলের ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ নিয়ে যেতে দেখা গেছে। ওই ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে কাজ চলছে।

শেয়ার করুনঃ
Advertisement