ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করতে ইসির বৈঠক

ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করতে ইসির বৈঠক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:১৭, ১২ অক্টোবর ২০২৬

ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করার লক্ষ্যে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে অন্য চার নির্বাচন কমিশনার, সিনিয়র সচিব আখতার আহমেদসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।

ইসি সূত্রে জানা গেছে, সভার অন্যতম প্রধান আলোচ্য বিষয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণ। এ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করার পাশাপাশি স্থানীয় সরকার পরিষদের অন্যান্য নির্বাচন নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

এর আগে রোববার (১১ অক্টোবর) নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে সোমবার সকাল সাড়ে ১০টায় সিইসির সভাপতিত্বে সভা আয়োজনের কথা জানানো হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছিল।

নির্ধারিত আলোচ্যসূচিতে স্থানীয় সরকার পরিষদের নির্বাচন নিয়ে আলোচনা ছাড়াও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

এ ছাড়া পার্সোনালাইজেশন সেন্টারে থাকা মেশিনগুলোর বর্তমান অবস্থা ও রক্ষণাবেক্ষণ, জাতীয় পরিচয়পত্র মুদ্রণ, বকেয়া বিল পরিশোধ এবং নতুন চুক্তি সম্পাদনসংক্রান্ত বিষয়ে গঠিত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement