বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার। ফাইল ছবি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:১২, ১২ অক্টোবর ২০২৬

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার। আগামী তিন বছরের জন্য তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাসসের সার্বিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’-এর ৭ ও ৮ ধারা অনুযায়ী পরবর্তী তিন বছরের জন্য পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে একজন চেয়ারম্যান ও ১২ জন পরিচালক রয়েছেন।

পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আবদুল হাই শিকদার ছাড়াও পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেসের যুগ্মসচিব, অর্থ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার প্রতিনিধি এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার।

এ ছাড়া পদাধিকারবলে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক বোর্ডের পরিচালক হিসেবে থাকবেন।

বোর্ডের অন্য সদস্যরা হলেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামছুল হক জাহিদ, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, ৭১ টিভির হেড অব নিউজ মো. শাহ আজিজুর রহমান, ওএসক্লিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং বাসসের বাংলা বিভাগের চিফ রিপোর্টার দিদারুল আলম।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’-এর ৬ ধারা অনুযায়ী পরিচালনা বোর্ড দায়িত্ব পালন করবে। আদেশটি জারির তারিখ থেকেই কার্যকর হবে।

শেয়ার করুনঃ
Advertisement