সাড়ে চার ঘণ্টায় ঢাকায় প্রধানমন্ত্রীর ১২ স্থান পরিদর্শন, গুরুত্ব পরিচ্ছন্নতা ও সেবার মানে
Published : ১৬:৪৪, ১৭ অক্টোবর ২০২৬
রাজধানীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা ও ফুটপাতসহ ১২টি স্থান আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিট থেকে দুপুর ১টা ৪১ মিনিট পর্যন্ত প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে তিনি এসব স্থান ঘুরে দেখেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন স্থানের পরিষ্কার-পরিচ্ছন্নতা, সেবার মান ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। এ সময় রাজধানীর মিরপুর-১০ এলাকার হকারমুক্ত ফুটপাতও পরিদর্শন করেন তিনি।
দিনের শুরুতে প্রধানমন্ত্রী উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে যান। সেখানে হাসপাতালের বিভিন্ন বিভাগ ও সেবার পরিবেশ পর্যবেক্ষণ করেন তিনি।
এরপর রাজউক উত্তরা মডেল কলেজ এবং মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিবেশ ও পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
পরিদর্শনের পরবর্তী পর্যায়ে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, পাইকপাড়া স্টাফ কোয়ার্টার এবং সরকারি বাংলা কলেজ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।
পরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন তিনি।
প্রধানমন্ত্রীর এ আকস্মিক পরিদর্শনের মূল বিষয় ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের সেবার মান, পরিচ্ছন্নতা এবং সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করা। রাজধানীর জনসেবামূলক প্রতিষ্ঠান ও নাগরিক সুবিধাসংশ্লিষ্ট স্থানগুলো পরিদর্শনের মাধ্যমে সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন তিনি।
































