প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও কর্মসংস্থানে কার্যকর উদ্যোগের আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও কর্মসংস্থানে কার্যকর উদ্যোগের আশ্বাস প্রধানমন্ত্রীর ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:০৪, ১৭ অক্টোবর ২০২৬

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, কর্মসংস্থান, প্রশিক্ষণ ও চলাচলের সুযোগ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আদালত ও হাসপাতালে ইশারা ভাষার দোভাষী নিয়োগ, প্রতিবন্ধীবান্ধব গণপরিবহন চালু, চাকরিতে বয়সসীমা শিথিল এবং দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণসহ বিভিন্ন দাবির বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সমস্যা ও দাবি মনোযোগ দিয়ে শোনেন এবং কয়েকটি দাবি তাৎক্ষণিকভাবে মেনে নেন বলে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, সমাজের প্রত্যেক মানুষের সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে। তাঁর সরকার প্রতিবন্ধী ব্যক্তিসহ যাঁদের বিশেষ মনোযোগ ও সহযোগিতা প্রয়োজন, তাঁদের পাশে রয়েছে। সরকার গঠনের পরই নয়, এর আগেও তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন এবং তাঁদের সমস্যার কথা শুনেছেন বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আব্দুস সাত্তার দুলালের সঞ্চালনায় ৩০ জন প্রতিবন্ধী ব্যক্তি ও বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধি বক্তব্য দেন। তাঁরা জাতীয় বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বরাদ্দ বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, রাজনৈতিক অংশগ্রহণ, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সম্পৃক্ততা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর দাবি জানান।

বক্তারা সরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল ও আদালতে ইশারা ভাষার দোভাষী নিয়োগের ওপর বিশেষ গুরুত্ব দেন। জবাবে প্রধানমন্ত্রী আদালত ও হাসপাতালে ইশারা ভাষার দোভাষী নিয়োগের বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ, যাতায়াতের সুযোগ এবং দক্ষতা উন্নয়নের ব্যবস্থা নিশ্চিত করার দাবিও মতবিনিময়ে উঠে আসে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষা, কর্মসংস্থান ও নাগরিক সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ বাড়াতে সহায়ক হতে পারে।

শেয়ার করুনঃ
Advertisement