অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
Published : ২০:৩১, ১৭ অক্টোবর ২০২৬
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (১৭ অক্টোবর) তিনি দেশে ফেরেন। ওই দিন সন্ধ্যা ৭টার পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, সফরের প্রথম পর্যায়ে অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ অংশ নেন সেনাপ্রধান।
এ সময় তিনি মেলবোর্নের ডিকিন ইউনিভার্সিটি পরিদর্শন করেন। সেখানে বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) সঙ্গে শিক্ষা, গবেষণা ও একাডেমিক বিনিময় কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন।
সফরের পরবর্তী পর্যায়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি (আউসা) অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ অংশ নেন জেনারেল ওয়াকার-উজ-জামান।
সফরকালে সেনাপ্রধান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। পাশাপাশি তিনি দেশ দুটির বিভিন্ন সামরিক স্থাপনাও পরিদর্শন করেন।
আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, এ সফরের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থলবাহিনী (ইউএসএআরপিএসি)-এর মধ্যে পেশাগত সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হওয়ার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
































