হযরত শাহজালাল বিমানবন্দরে লাগেজের নিরাপত্তায় ৩২ সিসিটিভি ক্যামেরা, ১৮ মনিটর
Published : ১২:১২, ১৮ অক্টোবর ২০২৬
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজের নিরাপত্তা জোরদার ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে ৩২টি সিসিটিভি ক্যামেরা এবং ৬৫ ইঞ্চি আকারের ১৮টি মনিটর স্থাপন করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বিমানবন্দরের আটটি লাগেজ বেল্ট এলাকায় এসব ক্যামেরা ও মনিটর স্থাপন করা হয়েছে। যাত্রীসেবার মানোন্নয়ন, লাগেজের নিরাপত্তা বৃদ্ধি এবং লাগেজ হ্যান্ডলিং কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন ব্যবস্থার মাধ্যমে যাত্রীরা লাগেজ হ্যান্ডলিং কার্যক্রমের বিভিন্ন ধাপ সরাসরি মনিটরে দেখতে পারবেন। উড়োজাহাজ থেকে লাগেজ নামানো, নির্ধারিত স্থানে পরিবহন, বাছাই এবং লাগেজ বেল্টে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়ার দৃশ্য সরাসরি দেখার সুযোগ থাকবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এর ফলে যাত্রীরা নিজেদের লাগেজ পরিবহনের প্রক্রিয়া সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবেন এবং লাগেজ সংগ্রহের বিভিন্ন ধাপ সম্পর্কে অবগত থাকতে পারবেন। পাশাপাশি লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহি বাড়বে বলে আশা করা হচ্ছে।
বেবিচক জানিয়েছে, যাত্রীদের স্বার্থ সুরক্ষা, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানের বিমানবন্দর ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে প্রযুক্তিনির্ভর ও যাত্রীবান্ধব সেবা সম্প্রসারণের কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিশেষ করে প্রবাসীসহ দেশি-বিদেশি সব যাত্রী যাতে ভ্রমণ শেষে নির্বিঘ্নে ও নিশ্চিন্তে লাগেজ সংগ্রহ করতে পারেন, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, নতুন এ ব্যবস্থা দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান উন্নয়নে ভূমিকা রাখবে।

































