সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, ব্যাখ্যা চাইল ঢাকা
Published : ১৭:০২, ১৮ অক্টোবর ২০২৬
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বিস্তারিত জানতে চেয়েছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে রোববার (১৮ অক্টোবর) ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়ার সঙ্গে যোগাযোগ করে তথ্য চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত ১৪ অক্টোবর সৌদি আরবের মক্কার একটি মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে স্থানীয় সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হলে বিষয়টি বাংলাদেশ সরকারের নজরে আসে।
ঘটনাটিকে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শনিবার (১৭ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশের সংশ্লিষ্ট মিশনকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।
প্রতিমন্ত্রী বলেন, “দণ্ড কার্যকরের আগে মিশনকে কিছুই জানানো হয়নি। কেন জানানো হয়নি বা প্রকৃতপক্ষে কী ঘটেছে, সে বিষয়ে আমরা এখনো অন্ধকারে। পুরো ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ ও আইনি প্রক্রিয়ার তথ্য জানতে চেয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। জবাব পাওয়ার পরই আমরা পরবর্তী পদক্ষেপ এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব।”
সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ ও আইনি প্রক্রিয়া সম্পর্কে তথ্য পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ এবং নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার।






























