সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য ঘাটতির কথা স্বীকার করল ঢাকা
Published : ১৫:৩৯, ১৯ অক্টোবর ২০২৬
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ঢাকা ও রিয়াদের মধ্যে তথ্য আদান-প্রদানে ঘাটতি ছিল বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এ ঘটনার বিস্তারিত জানতে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবে ঠিক কী পরিস্থিতিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশকে আগে থেকে অবহিত করা হয়নি কেন, তা জানতে চায় সরকার। তাঁর মতে, অপরাধের ধরন যা-ই হোক না কেন, বন্ধুপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশকে বিষয়টি জানানোর সুযোগ ছিল।
এদিকে, কাতারে বাংলাদেশের সাবেক বিমান বাহিনী প্রধানের আটকের খবর নিয়েও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন হুমায়ুন কবীর।
তিনি জানান, শেখ হাসিনা সরকারের আমলে দুর্নীতি, চুরি ও অর্থপাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ অব্যাহত রয়েছে। অপরাধীরা বিশ্বের যে প্রান্তেই অবস্থান করুক না কেন, তাদের আইনের আওতায় আনতে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
































