কিশোর গ্যাং দমনে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত
Published : ১৫:৪৪, ১৯ অক্টোবর ২০২৬
দেশজুড়ে কিশোর গ্যাংয়ের বিস্তার ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে দেশের সব উপজেলায় বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সদস্য-সচিব থাকবেন সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি)।
সোমবার (১৯ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। উপজেলা পর্যায়ে কিশোর অপরাধীদের শনাক্ত করা, গ্যাং-সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধ এবং অপরাধের ঘটনায় দ্রুত আইনি ও সামাজিক উদ্যোগ নিশ্চিত করাই এ কমিটি গঠনের মূল উদ্দেশ্য।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটিগুলোর কার্যপরিধি সম্প্রসারণের নির্দেশনা দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই নির্দেশনায় কিশোর গ্যাংয়ের তৎপরতার পাশাপাশি হত্যা, ছিনতাই, অপহরণ ও মাদকসংক্রান্ত অপরাধ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
নতুন উদ্যোগের আওতায় উপজেলা পর্যায়ে অপরাধপ্রবণ কিশোরদের বিষয়ে তথ্য সংগ্রহ, অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে কাউন্সেলিং এবং অপরাধে সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় করা হবে। কিশোর গ্যাং মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতা ও নজরদারি বাড়ানোর বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
































