আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলা: কারাগার থেকে মুক্তি পেলেন রাজসাক্ষী আবজালুল

আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলা: কারাগার থেকে মুক্তি পেলেন রাজসাক্ষী আবজালুল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৪৫, ১৯ অক্টোবর ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয়জনের মরদেহ পুড়িয়ে দেওয়াসহ সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক উপপরিদর্শক (এসআই) শেখ আবজালুল হক কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বিষয়ে আদেশ দেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন সাভারের আশুলিয়া থানা এলাকায় গুলি করে ছয়জনকে হত্যার পর তাঁদের মরদেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। নিহত ব্যক্তিদের মধ্যে একজন গুলিতে গুরুতর আহত হওয়ার পরও তাঁকে পুড়িয়ে দেওয়া হয় বলে মামলার বিবরণে উল্লেখ রয়েছে। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার কার্যক্রম পরিচালিত হয়।

এর আগে এ মামলার রায়ে ছয় আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ ছাড়া সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুজনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেন আদালত। মামলায় অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হওয়ায় আশুলিয়া থানার সাবেক এসআই শেখ আবজালুল হককে ক্ষমা করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামি হলেন সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ, সাবেক এসআই আবদুল মালেক, সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) বিশ্বজিৎ সাহা, সাবেক কনস্টেবল মুকুল চোকদার এবং যুবলীগ ক্যাডার রনি ভূঁইয়া।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া সাতজন হলেন ঢাকা রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান রিপন, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, সাবেক পরিদর্শক মোহাম্মদ মাসুদুর রহমান, সাবেক পরিদর্শক নির্মল কুমার দাস এবং ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি উত্তর) সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।

অন্যদিকে, আশুলিয়া থানার সাবেক এসআই আরাফাত উদ্দীন ও কামরুল হাসানকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলাটিতে মোট আসামি ১৬ জন। তাঁদের মধ্যে আটজন গ্রেপ্তার রয়েছেন এবং বাকি আটজন পলাতক।

২০২৪ সালের ৫ আগস্টের ওই ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে সাজ্জাদ হোসেন, আস-সাবুর, তানজিল মাহমুদ, বায়েজিদ বোস্তামী ও আবুল হোসেনের নাম রয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement