রাজশাহীর ৩৮ হাজার ৯৭০ আখচাষীকে ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

রাজশাহীর ৩৮ হাজার ৯৭০ আখচাষীকে ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:১৩, ২০ অক্টোবর ২০২৬

রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষীর জন্য ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর হাজী মুহাম্মদ মহসীন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে কম্পিউটারে বোতাম চেপে চাষীদের মোবাইল অ্যাকাউন্টে এ অর্থ পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আমি কম্পিউটারে একটা বোতাম চাপ দেব। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কয়েক মিনিটের মধ্যে আখচাষী ভাইদের অ্যাকাউন্টে সরকারের পক্ষ থেকে দেওয়া সহযোগিতা ইনশাআল্লাহ পৌঁছে যাবে।’

তিনি বলেন, আখচাষীদের সহায়তায় সরকার মোট ১২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এ অর্থ ৩৮ হাজার ৯৭০ জন চাষীর কাছে পৌঁছে দেওয়া হবে। কৃষকদের এ সহযোগিতা আখ চাষে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এরপর ‘আলহামদুলিল্লাহ’ বলে কম্পিউটারের বোতাম চাপেন প্রধানমন্ত্রী। এ সময় জনসভাস্থলে উপস্থিত হাজারো মানুষ একসঙ্গে ‘বিসমিল্লাহ’ উচ্চারণ করেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন।

অনুষ্ঠানে ১৫ জন আখচাষীর হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী। তারা হলেন আবু সাঈদ চান, আবদুল আউয়াল মালেক, আবদুল মান্নান মন্ডল, এমাজ উদ্দিন, মো. কাহার, গোলাম রাব্বানী, সবিতা রানী, জালাল উদ্দিন মৃধা, জিয়াউল হক, মহিদুল ইসলাম, আবদুল মাজেদ, নিরান্দ কুমার ঘোষ, শামীমুর রহমান, রীমা খাতুন ও রফিকুল ইসলাম।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় রাজশাহী জেলার বিভিন্ন ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন। সমাবেশে সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষদেরও উপস্থিতি ছিল।

এর আগে বিকেল ৩টা ২৫ মিনিটে জনসভাস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা তাঁকে স্বাগত জানান।

জনসভায় প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

জনসভা শেষে রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

রাজশাহীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রীর চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement