প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে ‘স্নাইপার’ মন্তব্য, যুবক গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে ‘স্নাইপার’ মন্তব্য, যুবক গ্রেপ্তার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৩১, ২২ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে ফেসবুকে ‘স্নাইপার’ সংক্রান্ত মন্তব্য করে আলোচনায় আসা আবু বকর সিদ্দিক নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে তাঁকে গ্রেপ্তারের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আবু বকরের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি।

এর আগে মঙ্গলবার বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমানটি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে রুয়েটের একটি বাসে করে নগরীতে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষ তাঁকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও চলন্ত বাস থেকে হাত নেড়ে তাঁদের অভিবাদনের জবাব দেন।

প্রধানমন্ত্রীর সফরকালে ব্যবহৃত বাসের ছবি দিয়ে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট করা হয়। ওই পোস্টের মন্তব্যের ঘরে আবু বকর সিদ্দিক নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস! একটা বড় সুযোগ। ছিল শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’ মন্তব্যটি ছড়িয়ে পড়ার পর এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপি নেতারা।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মন্তব্যকারীকে শনাক্ত করে অভিযান চালায় এবং তাঁকে গ্রেপ্তার করে।

রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম বলেন, ফেসবুকে এ ধরনের মন্তব্য দেখে তাঁরাও উদ্বিগ্ন হয়েছেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, মন্তব্যটি তাঁর প্রতি হুমকির ইঙ্গিত বহন করে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফেসবুকে করা মন্তব্যটি অত্যন্ত উদ্বেগজনক, অপরাধমূলক ও দায়িত্বজ্ঞানহীন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ
Advertisement