ফেক নিউজ নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে: পার্থ

ফেক নিউজ নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে: পার্থ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:২৬, ২২ অক্টোবর ২০২৬

ফেক নিউজ ও বিভ্রান্তিকর তথ্য নিয়ন্ত্রণে সাইবার নিরাপত্তা আইনসহ প্রাসঙ্গিক আইনি কাঠামোর প্রয়োগের পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, সংবাদ নিয়ন্ত্রণ এবং স্বাধীন মতপ্রকাশের মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি।

বুধবার (২১ অক্টোবর) রাতে ভোলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ফেক নিউজ, প্রেক্ষাপটবিহীন সংবাদ ও বিকৃত তথ্য নিয়ন্ত্রণ করা শুধু বাংলাদেশের জন্য নয়, বরং বিশ্বজুড়েই একটি বড় চ্যালেঞ্জ। এ পরিস্থিতি মোকাবিলায় আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করাও প্রয়োজন।

তিনি আরও বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে। বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমের মালিকদের সঙ্গেও কথা বলা হচ্ছে। কীভাবে ফেক নিউজ নিয়ন্ত্রণ করা যায়, তা নিয়ে কাজ চলছে বলে জানান তিনি।

ভোলা সফরে আন্দালিব রহমান পার্থ বিকাশ মজুমদার বাড়ির পূজামণ্ডপ, অনুজকাহালী লেনের পূজামণ্ডপ, মদনমোহন মন্দির, ওয়েস্টার্ন পাড়ার শতদল বিকাশ ক্লাবসংলগ্ন পূজামণ্ডপ, মিহিরলাল সাহার বাড়ির পূজামণ্ডপ, লক্ষ্মীগোবিন্দ মন্দির, বাপ্পা মাহাজনের পোল পূজামণ্ডপ, বাপ্তা শক্তি সংঘ পূজামণ্ডপ এবং সার্কুলার রোডের পূজামণ্ডপ পরিদর্শন করেন।

শেয়ার করুনঃ
Advertisement