রক্তশূন্যতায় অসুস্থ ভূমিমন্ত্রী মিনু, উন্নত চিকিৎসায় ঢাকায় স্থানান্তর

রক্তশূন্যতায় অসুস্থ ভূমিমন্ত্রী মিনু, উন্নত চিকিৎসায় ঢাকায় স্থানান্তর ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৩৮, ২২ অক্টোবর ২০২৬

রক্তশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়া ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা ৪৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে ঢাকায় আনা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে তাঁর চিকিৎসা চলবে।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মন্ত্রীকে নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। বিমানবন্দরে সাংবাদিকদের কাছে তিনি মন্ত্রীর শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানান।

শফিকুল হক মিলন বলেন, কিছুদিন আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন ভূমিমন্ত্রী। সেখানে চিকিৎসকের পরামর্শে সেবন করা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় তাঁর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যায়। এ কারণে তাঁকে কয়েক ব্যাগ রক্ত দিতে হয়েছে।

তিনি আরও জানান, দুই দিন আগে প্রধানমন্ত্রীর রাজশাহী সফরের সময় অসুস্থতা থাকা সত্ত্বেও উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী। এতে তাঁর ওপর অতিরিক্ত শারীরিক চাপ পড়ে। পরে রাজশাহীর বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাঁকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নাজমুল হক ডিকেন জানান, বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মন্ত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দিনভর হাসপাতালের কেবিনে তাঁর চিকিৎসা চলে। এ সময় রক্তশূন্যতার কারণে তাঁকে রক্ত দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয় তাঁকে।

মন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, বিশেষজ্ঞ চিকিৎসকসহ নানা শ্রেণি-পেশার মানুষ তাঁকে দেখতে হাসপাতালে ভিড় করেন।

ভূমিমন্ত্রী সবার কাছে দোয়া চেয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সংসদ সদস্য শফিকুল হক মিলন ও মন্ত্রীর পরিবারের সদস্যরাও।

শেয়ার করুনঃ
Advertisement