বৃষ্টি কবে কমবে, জানালো আবহাওয়া অধিদপ্তর

বৃষ্টি কবে কমবে, জানালো আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক:

Published : ১২:৩৬, ১৫ সেপ্টেম্বর ২০২৪

টানা ৪ দিন ধরে দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি হচ্ছে। বিশেষ করে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গতকাল ঢাকায় দিনভর বৃষ্টি হয়েছে, যা রাতেও অব্যাহত ছিল। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। 

এদিকে ভারী বৃষ্টির কারণে পানিতে তলিয়ে গেছে কক্সবাজারসহ বিভিন্ন অঞ্চল। এ অবস্থায় আজও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, ঢাকাসহ সারাদেশে আজও বৃষ্টি থাকবে। সোমবার (১৬ সেপ্টেম্বর) থেকে বৃষ্টি কমতে পারে। সমুদ্রবন্দরগুলোতে সতর্ক সংকেত বহাল রয়েছে।

আজ সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি ২২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে পটুয়াখালীতে।

রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement