সাবেক মন্ত্রী ফরহাদের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
Published : ১৪:০৭, ১৫ সেপ্টেম্বর ২০২৪
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ।
রোববার (১৫ সেপ্টেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা ও আদাবর থানার পরিদর্শক আব্দুল মালেক এ রিমান্ড আবেদন করেন। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার উপস্থিতিতে এ বিষয়ে শুনানি হবে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে আদাবর থানার মামলায় ফরহাদ হোসেনকে গ্রেফতার করে র্যাব।
অভিযোগে বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা বেলা ১১টার দিকে আদাবর থানাধীন রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে। এসময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, কৃষক লীগ, মৎসজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হন।
নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২২ আগস্ট আদাবর থানায় মামলাটি করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।
দায়েরকৃত মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাকিব আল হাসানসহ ১৫৬ জন আসামি রয়েছেন। অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে এ মামলায়।
মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- শেখ হাসিনার বোন শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ক্রিকেটার সাকিব আল হাসান, নায়ক ফেরদৌস, ব্যারিস্টার সায়েদুল হক সুমন।
বিডি/এন



























