মোজাম্মেল বাবু-শ্যামল দত্তকে ডিবিতে হস্তান্তর
Published : ১০:১৯, ১৭ সেপ্টেম্বর ২০২৪
একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে তাদের ঢাকার ডিবি কার্যালয়ে আনা হয়।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলার এজাহারে সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তের নাম রয়েছে। তাদের ঢাকার আদালতে তোলা হবে।
এ দিন ভোর ৬টার দিকে দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকায় একটি প্রাইভেটকারসহ একাত্তর টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও প্রাইভেটকারের চালককে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।
পরে আইনি বিষয় সম্পন্নের পর সোমবার দুপুর সোয়া ৩ টার দিকে তাদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয় পুলিশ।
এদিকে গাড়িতে তোলার সময় বিএনপির নেতাকর্মী ও স্থানীয় জনতা তাদের বিরুদ্ধে নানা স্লোগান দেয় ও ডিম ছুড়ে মারে।
জানা গেছে, আটক মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্তের বিরুদ্ধে ডিএমপির একাধিক থানায় হত্যা মামলা হয়েছে। যেকোনো একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে।
এর আগে গত ৬ আগস্ট বিকেল ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সপরিবারে ভারতে ঢোকার চেষ্টা করেন শ্যামল দত্ত। সে সময় ইমিগ্রেশন পুলিশ তাকে ফেরত পাঠায়।
বিডি/ও



































